এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, মহিউদ্দিন রনি ও নুরুজ্জামান কাফি
বিএনপির বহিষ্কৃত নেতা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, সামাজিক আন্দোলনকর্মী মহিউদ্দিন রনি এবং কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তারা দলে যোগ দেন। অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় নেতারা নতুন যোগদানকারীদের ফুল দিয়ে স্বাগত জানান।
আরও পড়ুন: ফুটপাতে চাঁদা তোলা নিয়ে ছাত্রদল-যুবদল সংঘর্ষ, নিউমার্কেট রণক্ষেত্র
দলীয় সূত্রে জানা গেছে, ইসহাক সরকারকে এনসিপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। তাকে ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক করার বিষয়েও আলোচনা চলছে। এ ক্ষেত্রে বর্তমান আহ্বায়ক আলাউদ্দিন মোহাম্মদের পদত্যাগের সম্ভাবনার কথাও জানা গেছে।
ইসহাক সরকার পূর্বে ছাত্রদল ও যুবদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির আন্দোলনে সক্রিয় থাকার কারণে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, যার মধ্যে কয়েকটি মামলায় তিনি পরবর্তীতে আদালত থেকে খালাস পান।
আরও পড়ুন: বিএনপির রাজনীতির উজ্জ্বল নক্ষত্র রিজভীই হচ্ছেন ভারপ্রাপ্ত মহাসচিব
তিনি সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করেছিলেন। তবে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
একই অনুষ্ঠানে যোগ দেওয়া মহিউদ্দিন রনি রেলের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে পরিচিতি পান। অন্যদিকে নুরুজ্জামান কাফি সামাজিক সচেতনতামূলক কনটেন্ট তৈরি করে তরুণদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন। এনসিপির নীতিনির্ধারকদের মতে, নতুন এই তিনজনের অন্তর্ভুক্তি দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে।





