নাম ভাঙিয়ে অপকর্মে জড়ালে কঠোর ব্যবস্থা: যুবদলের কেন্দ্রীয় সতর্কবার্তা
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সারাদেশের জেলা, মহানগর ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি কঠোর সতর্কবার্তা জারি করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সংগঠনের নাম ও পদ ব্যবহার করে একটি অসাধু চক্র পেশীশক্তির প্রদর্শন, চাঁদাবাজি, টেন্ডার সন্ত্রাস, অবৈধ দখল বাণিজ্য এবং স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এমনকি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনাও ঘটছে, যা সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর অন্যতম অঙ্গ সংগঠন হিসেবে যুবদল সুশৃঙ্খল, আদর্শভিত্তিক ও নৈতিক রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। কোনো ধরনের বেআইনি বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডকে সংগঠন প্রশ্রয় দেয় না এবং ভবিষ্যতেও দেবে না।
সংগঠনটি স্পষ্টভাবে জানায়, যুবদলের নাম ব্যবহার করে কেউ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সংগঠনের ভাবমূর্তি রক্ষায় কেন্দ্রীয় কমিটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে বলেও উল্লেখ করা হয়।
আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী
এ বিষয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মুনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম খান জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দকে তাদের অধীনস্থ উপজেলা, পৌর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ইউনিটগুলোতে সতর্কতা জোরদার করার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নেতাকর্মীদের কার্যক্রমে নিবিড় তদারকি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।
নেতৃদ্বয় হুঁশিয়ারি দিয়ে বলেন, দায়িত্ব পালনে কোনো ধরনের শৈথিল্য বা অবহেলা পরিলক্ষিত হলে তার দায় সংশ্লিষ্ট জেলা ও মহানগর নেতৃবৃন্দকেই বহন করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তিটি প্রেরণ করেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম।





