বাজারে নীরব চাঁদাবাজি ও দোকান দখলদারিত্ব চলছে: জামায়াত আমির

Sadek Ali
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ১:১৭ অপরাহ্ন, ১২ মে ২০২৬ | আপডেট: ১:১৭ অপরাহ্ন, ১২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর পাইকারি কাঁচাবাজারগুলোতে নীরব চাঁদাবাজি ও দোকান দখলদারিত্ব চলছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ব্যবসায়ীরা ভয়ে মুখ খুলতে পারছেন না এবং একটি প্রভাবশালী সিন্ডিকেট বাজারব্যবস্থাকে নিয়ন্ত্রণ করছে।

মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর-১ এলাকার পাইকারি কাঁচাবাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: স্বৈরাচারী শাসনের পথে সরকার, বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত জিএম কাদেরের

ডা. শফিকুর রহমান বলেন, বাজারে চাঁদাবাজি নতুন কিছু নয়। তবে এখন এটি এমনভাবে বিস্তৃত হয়েছে যে, সাধারণ ব্যবসায়ীরা প্রতিবাদ করার সাহস হারিয়ে ফেলেছেন। তার ভাষায়, “চাঁদাবাজ কারা, সেটা দেশের মানুষ জানে। আমরা চাই এই দুষ্টচক্রের অবসান হোক।”

তিনি দাবি করেন, মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণে কৃষক যেমন ন্যায্যমূল্য পাচ্ছেন না, তেমনি ভোক্তারাও অতিরিক্ত দামে পণ্য কিনতে বাধ্য হচ্ছেন। এতে বাজারে অস্থিরতা আরও বাড়ছে।

আরও পড়ুন: মির্জা ফখরুল: ‘শরিয়াহভিত্তিক ইসলামিক রাষ্ট্র বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না’

জামায়াত আমিরের মতে, রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় ছাড়া চাঁদাবাজি দীর্ঘদিন টিকে থাকতে পারে না। তিনি বলেন, সংসদের সদস্যরা আন্তরিকভাবে সিদ্ধান্ত নিলে দেশে চাঁদাবাজি অনেকাংশে কমে আসবে।

বাজার পরিদর্শনের সময় কয়েকজন ব্যবসায়ী অভিযোগ করেন, সরকার নির্ধারিত কম ভাড়ার দোকান রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যদের কাছে অতিরিক্ত দামে ভাড়া দেওয়া হচ্ছে। তাদের দাবি, পাঁচ হাজার টাকার দোকান এক লাখ টাকার কাছাকাছি ভাড়ায় নিতে হচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, “যে পণ্যের দাম ১০ টাকা হওয়ার কথা, চাঁদা ও অতিরিক্ত খরচের কারণে সেটি ১২-১৩ টাকায় বিক্রি করতে হয়। শেষ পর্যন্ত এর বোঝা সাধারণ মানুষের ঘাড়েই পড়ে।”

তিনি ব্যবসায়ীদের অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সাংবাদিকদের বাজারের বাস্তব চিত্র তুলে ধরার অনুরোধ করেন।

এ সময় জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।