ছুটিতে এসে দেশে আটকা প্রবাসীরা
ভিসার মেয়াদ সমাধানের বার্তা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে বাংলাদেশি প্রবাসী কর্মীদের ওপর। ছুটিতে দেশে এসে অনেক কর্মী এখন বাংলাদেশেই আটকে পড়েছেন। এর মধ্যে অনেকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা শিগগিরই শেষ হতে যাচ্ছে, ফলে কর্মস্থলে ফিরে যাওয়া নিয়ে উদ্বেগ ও অনিশ্চয়তায় পড়েছেন তারা। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখে প্রবাসীদের ভিসা নবায়ন ও মেয়াদ বৃদ্ধির বিষয়ে করণীয় জানিয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরান–ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত অনেক বাংলাদেশি কর্মী ছুটিতে দেশে এসে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন। এ অবস্থায় তাদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ ইতোমধ্যে উত্তীর্ণ হয়েছে অথবা অচিরেই শেষ হওয়ার পথে রয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশে ফিরে গিয়ে সরাসরি ভিসা নবায়নের সুযোগ না থাকায় তারা জটিলতায় পড়েছেন।
আরও পড়ুন: দেশে এলো ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট
মন্ত্রণালয় জানায়, এই পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট দেশগুলো ইতোমধ্যে কিছু বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে, যাতে প্রবাসী কর্মীরা আইনি জটিলতায় না পড়েন এবং তাদের কর্মসংস্থান অব্যাহত রাখা সম্ভব হয়।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং বাহরাইন থেকে বাংলাদেশে ছুটিতে আসা কর্মীদের ভিসা নবায়নের জন্য তাদের নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে সংশ্লিষ্ট দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে। অধিকাংশ ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করেও ভিসা নবায়নের প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
আরও পড়ুন: শ্রমিকদের বড় দুঃসংবাদ দিল সৌদি আরব
এছাড়া কুয়েত, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সরকার ইতোমধ্যে যেসব কর্মীর এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শিগগিরই শেষ হওয়ার পথে রয়েছে, সেসব ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, প্রবাসী কর্মীদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। পাশাপাশি প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা দিতে বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোকে সক্রিয়ভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রবাসীদের উদ্দেশে মন্ত্রণালয় পরামর্শ দিয়েছে, যারা এ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা যেন দ্রুত নিজ নিজ নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা গ্রহণ করেন।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে প্রবাসী কর্মীদের চলাচল ও কর্মসংস্থানের ওপর এর প্রভাব আরও বাড়তে পারে। তাই প্রবাসীদের আইনি অবস্থান সুরক্ষিত রাখতে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বিত কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখা জরুরি।





