বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই ভাই আহত

Sanchoy Biswas
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬ | আপডেট: ৬:৫২ অপরাহ্ন, ২৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়া শহরের তিনমাথা রেলগেটের পাশে পুরান বগুড়া এলাকায় শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে পুলিশের সামনে দুর্বৃত্তদের হামলায় এক ভাই ছুরিকাহত এবং অপর ভাই মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহত ব্যক্তিরা পুরান বগুড়ার আনোয়ার হোসেনের দুই ছেলে আশিক (২৮) ও আতিক (২৬)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাতে আশিক ও আতিক দুই ভাই তাদের ব্যবসাপ্রতিষ্ঠানে দোকানদারি করছিলেন। এ সময় তাদের মুদিদোকানে কয়েকজন এসে চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় আশিককে ছুরিকাঘাত এবং তার ভাই আতিকের মাথায় আঘাত করে তারা পালিয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

আরও পড়ুন: পটুয়াখালীতে সিরীয় নাগরিকের রহস্যজনক মৃত্যু, মরদেহ উদ্ধার

ঘটনাস্থলের অদূরেই রেলগেট-সংলগ্ন এলাকায় কয়েকজন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছিলেন। পুলিশের সামনেই এমন ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। ছুরিকাঘাতে আহত আশিক একই হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অন্যদিকে, মাথায় আঘাত পাওয়া আতিক জরুরি চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এখনও পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: আশুলিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালাল শীর্ষ সন্ত্রাসী 'স্যুটার' বাপ্পি, জিম্মি নারী উদ্ধার