গাসিকের ঘোষিত বাজেটে ব্যয়ের চেয়ে উদ্বৃত্ত বেশি
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ২০২৬-২৭ অর্থবছরে ব্যয়ের চেয়ে উদ্বৃত্ত (স্থিতি) বেশি রেখে প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার রোববার (২৬ জুলাই) দুপুরে সিটি করপোরেশন মিলনায়তনে এই বাজেট পেশ করেন।
গাসিকের ২০২৬-২৭ অর্থবছরে ঘোষিত বাজেটে মোট আয় ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকা এবং মোট ব্যয় ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে। এতে স্থিতি (উদ্বৃত্ত) থাকছে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা। যা ব্যয়ের চেয়ে ১৪১.৪ কোটি টাকা বেশি।
আরও পড়ুন: গফরগাঁওয়ে ‘স্কুল পরিচ্ছন্নতা অভিযান’ ও বৃক্ষরোপণ কর্মসূচি
গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মিজ তানজিলা খানমের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী মো. আব্দুল বারেক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া প্রমুখ।
সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বাজেট পেশকালে বলেন, বাজেটে প্রারম্ভিক স্থিতি ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা, রাজস্ব (সাধারণ তহবিল) থেকে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
আরও পড়ুন: কাপাসিয়া উপজেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
বাজেটে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানে উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, উন্নয়ন প্রকল্পে (নিজস্ব রাজস্ব) ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। অর্থবছর শেষে সমাপনী স্থিতি দাঁড়াবে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।
এদিকে, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে মোট আয় ধরা হয়েছিল ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকা এবং মোট ব্যয় ১ হাজার ২৫ কোটি ৮০ লাখ ৬৪ হাজার টাকা। ওই বাজেটে সমাপনী স্থিতি ছিল ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা। গত অর্থবছরের বাজেটের শতকরা ৮০ ভাগ কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে বলে জানানো হয়েছে।
বাজেট বক্তব্যে প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, নগর উন্নয়ন, বর্জ্য ও পানি ব্যবস্থাপনার উন্নয়ন, খাল খনন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও নাগরিক সেবার মান উন্নয়ন এবং বৈদেশিক সহায়তাপুষ্ট উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।





