৩৯৮ জন যাত্রী নিয়ে ঢাকা ছাড়ল বছরের প্রথম হজ ফ্লাইট

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৫ | আপডেট: ৯:২৮ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 ৩৯৮ জন যাত্রী নিয়ে চলতি বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা ত্যাগ করেছে।

সোমবার (২৮ এপ্রিল) দিনগত রাত ২টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

আরও পড়ুন: ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল

বোয়িং ৭৭৭-৩০০ মডেলের উড়োজাহাজটি সৌদি আরবের স্থানীয় সময় সকাল ৬টায় জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সূচি রয়েছে।

এর আগে, সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আশকোনা হজক্যাম্পে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন হজ ফ্লাইট উদ্বোধন করেন। এরপর তিনি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন: ২০৩০ সালে একই বছরে দুইবার রমজান, কেন ঘটবে এমন বিরল ঘটনা?

এ সময় হজযাত্রীদেরকে সৌদি আরবের আইনকানুন মেনে চলা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে বিরত থাকতে অনুরোধ জানান ধর্ম উপদেষ্টা।

জানা গেছে, প্রথম দিনে মোট ১০টি ফ্লাইটে চার হাজার ১৮০ জন হজযাত্রী সৌদি যাবেন। এরমধ্যে আটটি ফ্লাইট সৌদি আরবের জেদ্দায় এবং বাকি দুটি ফ্লাইট মদিনায় বিমানবন্দরে অবতরণ করবে।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি যাবেন। এর মধ্যে ৫ হাজার ২০০ জন সরকারি মাধ্যমে এবং বেসরকারি মাধ্যমে ৮১ হাজার ৯০০ জন।

হজ ফ্লাইট শেষ হবে আগামী ৩১ মে। আর চাঁদ দেখা সাপেক্ষে ৫ জুন হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে ১০ জুন ফিরতি ফ্লাইট শুরু হবে।