আফগানদের বাংলাওয়াশ করল টাইগাররা
শেষ ম্যাচে এসে দাপট দেখাল বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে জয় এলেও প্রত্যাশিত আধিপত্য দেখা যায়নি। তবে তৃতীয় ও শেষ টি–টোয়েন্টিতে ব্যাট, বল ও ফিল্ডিং সব বিভাগেই ছিল টাইগারদের একচ্ছত্র আধিপত্য। প্রতিপক্ষ আফগানিস্তানকে ১৪৩ রানে আটকে রেখে ৬ উইকেট ও ১২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে আফগানদের হোয়াইটওয়াশ নিশ্চিত করেছে বাংলাদেশ।
১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ছিল কিছুটা সতর্ক। ওপেনার পারভেজ হোসেন ১৪ রানে ফিরলেও অপরপ্রান্তে আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন তানজিদ হাসান ও সাইফ হাসান। পাওয়ারপ্লেতে সাইফের ছক্কায় ম্যাচের রূপ পাল্টাতে শুরু করে। ৩৩ রানে তানজিদ আউট হলেও অধিনায়ক জাকের আলী ও সাইফের জুটি দলকে জয় নিশ্চিতের পথে এগিয়ে নেয়।
আরও পড়ুন: বিসিবি নির্বাচন ঘিরে বিস্ফোরক পোস্ট আসিফ আকবরের
ইনিংসের শেষভাগে সাইফ হাসান তুলে নেন দুর্দান্ত অর্ধশতক, এটা তার টি–টোয়েন্টি ক্যারিয়ারের চতুর্থ ফিফটি । আহমেদজাইয়ের ওভারে একাই ১৫ রান নিয়ে যান, যার মধ্যে একটি বিশাল ছক্কা সোজা গ্যালারির ছাদে গিয়ে পড়ে। শেষদিকে নুরুল হাসানের ছক্কায় ৬ উইকেটের জয় পায় টাইগাররা।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান ২০ ওভারে তোলে ১৪৩ রান। দারউইশ রাসুলি করেন ৩২, সেদিকউল্লাহ আতাল ২৮ এবং মুজিব উর রেহমান অপরাজিত থাকেন ২৩ রানে। বাংলাদেশের বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফউদ্দিন ছিলেন সবচেয়ে সফল তিনি নেন ৩ উইকেট। এছাড়া নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব শিকার করেন ২টি করে উইকেট।
আরও পড়ুন: হামজা-জামালদের নতুন কোচ থমাস ডুলি
এই জয়ে ২০১৮ সালের দেরাদুনে আফগানদের কাছে পাওয়া ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের প্রতিশোধও নিল বাংলাদেশ। সেবার পূর্ণশক্তির দল নিয়েও টাইগাররা ব্যর্থ হয়েছিল। এরপর ২০২৩ সালে ২-০ ব্যবধানে সিরিজ জয় এলেও তিন ম্যাচের হোয়াইটওয়াশ অধরাই ছিল। অবশেষে আজ আফগানদের হোয়াইটওয়াশ করল টাইগাররা।





