পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরিতে নতুন কীর্তি শান্তর

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ০৮ মে ২০২৬ | আপডেট: ৩:২১ অপরাহ্ন, ০৮ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। একই সঙ্গে টানা তিন সিরিজে সেঞ্চুরি করে গড়েছেন অনন্য এক কীর্তিও।

শুক্রবার চলমান টেস্টে মুমিনুল হক-এর সঙ্গে বড় জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেন শান্ত। দুজন মিলে তৃতীয় উইকেটে যোগ করেন ১৭০ রান। তবে ব্যক্তিগত সেঞ্চুরি পূরণের পরপরই আউট হয়ে ফিরতে হয় তাকে।

আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ৩ পেসার

ইনিংসের শুরুতে পাকিস্তানের পেসাররা দাপট দেখালেও ক্রিজে নেমেই পাল্টা আক্রমণ শুরু করেন শান্ত। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ১২৯ বলে শতক পূরণ করেন তিনি। পুরো ইনিংসজুড়ে ওয়ানডে ধাঁচের ব্যাটিংয়ে পাকিস্তানি বোলারদের চাপে রাখেন বাংলাদেশ অধিনায়ক।

এর আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড সিরিজেও সেঞ্চুরির দেখা পেয়েছিলেন শান্ত। শ্রীলঙ্কার গল টেস্টে টানা দুই ইনিংসে শতক করেছিলেন তিনি। এবার পাকিস্তানের বিপক্ষেও তিন অঙ্ক স্পর্শ করে টানা তিন সিরিজে সেঞ্চুরির বিরল কৃতিত্ব গড়লেন এই বাঁহাতি ব্যাটার।

আরও পড়ুন: আবারও ফুটবল বিশ্বকাপ মাতাবেন শাকিরা

সেঞ্চুরি পূরণের ঠিক পরের বলেই বিদায় নিতে হয় শান্তকে। মোহাম্মদ আব্বাস-এর বলে চার মেরে শতক পূরণ করার পরের ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। অনফিল্ড আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান।

শান্তর বিদায়ের সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ২০১ রান। এরপর ক্রিজে আসেন মুশফিকুর রহিম। তবে আব্বাসের ওভার শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই চা বিরতির ঘোষণা দেন আম্পায়াররা।