তাসকিনের জোড়া আঘাতে চাপে পাকিস্তান

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ন, ১৭ মে ২০২৬ | আপডেট: ১২:০০ অপরাহ্ন, ১৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বল হাতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। প্রথম দিনের শেষ বিকেলে উইকেট না হারানো পাকিস্তানকে দিনের শুরুতেই চাপে ফেলেন পেসার তাসকিন আহমেদ। তার জোড়া আঘাতে দ্রুত দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়ে সফরকারীরা।

রোববার সকালে দ্বিতীয় দিনের খেলা শুরু হলে বাংলাদেশি পেসাররা নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের ব্যাটারদের চাপে রাখেন। দিনের দ্বিতীয় ওভারেই প্রথম সাফল্য এনে দেন তাসকিন। তার দারুণ ডেলিভারিতে ওপেনার আব্দুল্লাহ ফজলের ব্যাটের কানায় লেগে বল চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের হাতে। ৯ রান করে বিদায় নেন এই তরুণ ব্যাটার।

আরও পড়ুন: Challenge Roth 2026 সফলভাবে শেষ করে বাংলাদেশের পতাকা উড়ালেন মোস্তাফিজুর রহমান

এরপর আরেক ওভারে আবারও আঘাত হানেন তাসকিন। দেরিতে সুইং করা বল খেলতে গিয়ে শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দেন অপর ওপেনার আজান আওয়াইস। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা এই ব্যাটার ফেরেন ১৩ রান করে।

দলীয় ২২ রানেই দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। তাসকিনের পাশাপাশি শরিফুল ইসলামও ধারাবাহিকভাবে লাইন ও লেন্থ ধরে রেখে ব্যাটারদের কঠিন পরীক্ষায় ফেলেন।

আরও পড়ুন: নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার

এর আগে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। তবে সেই ধসের মধ্যে একাই প্রতিরোধ গড়ে তোলেন লিটন দাস। দুর্দান্ত ব্যাটিংয়ে ১২৬ রান করে দলকে সম্মানজনক সংগ্রহ এনে দেন তিনি।

লিটনের সেঞ্চুরিতে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে ২৭৮ রান তোলে। পাকিস্তানের হয়ে খুররম শেহজাদ চারটি উইকেট শিকার করেন।