বিসিবি নির্বাচন ঘিরে বিস্ফোরক পোস্ট আসিফ আকবরের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:০২ অপরাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ২:৫৮ পূর্বাহ্ন, ২৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠনের পর দেশের ক্রিকেটাঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। আগামী ৭ জুন বিসিবির নতুন পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরক পোস্ট দিয়েছেন বিসিবির সাবেক পরিচালক আসিফ আকবর। শুক্রবার (২২ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি তামিম ইকবাল, ক্রীড়া প্রতিমন্ত্রী এবং দেশের কিছু ক্রীড়া সাংবাদিকের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।

পোস্টের শুরুতে আসিফ আকবর লেখেন,‘অবশ‍্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। এখন যারা বোর্ড দখল করে বসে আছে তারা রাষ্ট্রের খয়রাতি ক্রিকেট মন্ত্রীর লোভী উচ্চাভিলাসের পরিণতি মাত্র।’ এরপর তিনি দেশের ক্রীড়া সাংবাদিকতা নিয়েও কড়া ভাষায় সমালোচনা করেন। তার ভাষ্য, ক্রিকেট সাংবাদিকতায় নৈতিকতার সংকট তৈরি হয়েছে এবং কিছু সংবাদকর্মী ক্রিকেট উন্নয়নের চেয়ে ব্যক্তিগত স্বার্থে বেশি মনোযোগী।

আরও পড়ুন: হামজা-জামালদের নতুন কোচ থমাস ডুলি

তিনি লেখেন, ‘ক্রিকেট জার্নালিজমে এখন নৈতিকতার লেশমাত্র নেই। মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর নামধারী ছাপড়িদের যন্ত্রণায় অতিষ্ঠ মূলধারার সংবাদমাধ্যমগুলো।’ এছাড়া কিছু সাংবাদিকের বিরুদ্ধে ‘ভুল তথ্য প্রচার’ এবং ‘ভিউনির্ভর সংবাদ প্রকাশের’ অভিযোগও তোলেন সাবেক এই বিসিবি পরিচালক।

পোস্টের একপর্যায়ে তামিম ইকবালকে ইঙ্গিত করে আসিফ আকবর আরও লেখেন, ‘বিএনপির সর্বভূক কিছু নেতা মন্ত্রীর কয়েকটা বকনা বাছুরকে শো’পিস হিসেবে ব্যবহার করে বিসিবিতে প্রতিষ্ঠা করতে চাচ্ছে পুরনো হাসিনা, পাপন ও জয় শাহ্ তন্ত্র।’

আরও পড়ুন: ইতিহাস গড়ে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

তিনি আরও দাবি করেন, কিছু ব্যক্তি রাজনৈতিক প্রভাব ব্যবহার করে ক্রিকেট বোর্ডে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছেন।

সবশেষে সংবাদমাধ্যমের সম্পাদকদের উদ্দেশে আসিফ আকবর বলেন, তার কাছে সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্য ও তালিকা রয়েছে এবং প্রয়োজন হলে তিনি তা প্রকাশ করবেন। একইসঙ্গে তিনি সরকারের প্রতি সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদের আহ্বান জানান।

তবে আসিফ আকবরের এসব বক্তব্যের বিষয়ে এখন পর্যন্ত তামিম ইকবাল, ক্রীড়া মন্ত্রণালয় কিংবা বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।