বিশ্বকাপের ইতিহাসে চার দিনে তিনবার বদলাল সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬ | আপডেট: ৬:৩৮ অপরাহ্ন, ১৫ জুন ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুতেই এক বিরল রেকর্ড পরিবর্তনের সাক্ষী হয়েছে। কোচদের বয়সসংক্রান্ত সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড মাত্র চার দিনের ব্যবধানে তিনবার পরিবর্তিত হয়ে শেষ পর্যন্ত নতুন ইতিহাস গড়েছেন কুরাসাওয়ের প্রধান কোচ ডিক অ্যাডভোকাট।

রোববার জার্মানির বিপক্ষে কুরাসাওয়ের প্রথম বিশ্বকাপ ম্যাচে দায়িত্ব পালন করেন ৭৮ বছর বয়সী এই অভিজ্ঞ ডাচ কোচ। এর মধ্য দিয়ে তিনি বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে ম্যাচ পরিচালনার নতুন রেকর্ড গড়েন।

আরও পড়ুন: বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে ব্রাজিল, বিশ্বাস কাকার

এর আগে দীর্ঘ ১৬ বছর ধরে এই রেকর্ডটি ছিল গ্রিসের সাবেক কোচ ওত্তো রেহাগেলের দখলে। তিনি ২০১০ বিশ্বকাপে ৭১ বছর বয়সে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তারও আগে ২০০২ বিশ্বকাপে ৭০ বছর বয়সে প্যারাগুয়ের কোচ হিসেবে রেকর্ড গড়েন সিজার মালদিনি।

তবে এবারের বিশ্বকাপে রেকর্ডটি দ্রুত পরিবর্তিত হয়। মাত্র চার দিনের মধ্যে সবচেয়ে বয়স্ক কোচের রেকর্ড তিনবার হাতবদল হয়। প্রথমে মেক্সিকোর বিপক্ষে ম্যাচে দক্ষিণ আফ্রিকার কোচ হুগো ব্রুস ৭৪ বছর বয়সে নতুন রেকর্ড গড়েন। কিন্তু সেই রেকর্ড টিকে ছিল মাত্র কয়েক ঘণ্টা। এরপর চেকিয়ার কোচ মিরোস্লাভ কুবেক প্রায় ৭৫ বছর বয়সে নতুন রেকর্ড নিজের নামে লেখেন।

আরও পড়ুন: তুরস্ককে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু অস্ট্রেলিয়ার

অবশেষে কুরাসাওয়ের দায়িত্বে থাকা ডিক অ্যাডভোকাট সবাইকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েন। ২০২৪ সালে কুরাসাওয়ের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার অধীনেই দলটি ২০২৫ সালের নভেম্বরে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পারিবারিক কারণে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরে সহকারী কোচ ফ্রেড রুটেন অস্থায়ীভাবে দলের দায়িত্ব পালন করেন। পরে পরিস্থিতি অনুকূলে এলে খেলোয়াড়দের অনুরোধে মে মাসে আবারও দলের দায়িত্ব নেন অ্যাডভোকাট।

চার দশকেরও বেশি সময়ের কোচিং অভিজ্ঞতা নিয়ে ডিক অ্যাডভোকাট বিশ্ব ফুটবলে পরিচিত নাম। ১৯৮০ সাল থেকে কোচিং পেশায় যুক্ত এই ডাচ কোচ তিন দফায় নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন।

এছাড়া তিনি নেদারল্যান্ডস, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া, বেলজিয়াম, রাশিয়া, সার্বিয়া, ইরাক এবং কুরাসাও—মোট আটটি দেশের জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জন করেছেন।