উজবেকিস্তানের ঐতিহাসিক গোল, তবে জয় পেল কলম্বিয়া
বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলেই ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে উজবেকিস্তান। টুর্নামেন্টে নিজেদের প্রথম গোলের দেখা পেলেও অভিষেক ম্যাচে জয় বা ড্রয়ের স্বাদ নিতে পারেনি দলটি। লুইস দিয়াজের অনবদ্য নৈপুণ্যে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে কলম্বিয়া।
ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখায় কলম্বিয়া। একের পর এক আক্রমণে উজবেকিস্তানের রক্ষণভাগকে ব্যস্ত রাখলেও প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় ৪০ মিনিট পর্যন্ত। লুইস দিয়াজের বাড়ানো বল থেকে ড্যানিয়েল মুনোজ গোল করে দলকে এগিয়ে দেন।
আরও পড়ুন: পানামাকে হারিয়ে বিশ্বকাপে দুর্দান্ত শুরু ঘানার
প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকা উজবেকিস্তান বিরতির পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। আক্রমণের তীব্রতা বাড়িয়ে ৬০তম মিনিটে কাঙ্ক্ষিত সাফল্যও পায় তারা। আব্বোসবেক ফাইজুলায়েভের গোলে সমতায় ফেরে দলটি। একই সঙ্গে এটি বিশ্বকাপের মঞ্চে উজবেকিস্তানের ইতিহাসের প্রথম গোল হিসেবে রেকর্ড বইয়ে জায়গা করে নেয়।
তবে সমতা ফিরিয়ে আনার উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র পাঁচ মিনিট পরই আবার কলম্বিয়াকে এগিয়ে দেন লুইস দিয়াজ। তার গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পুনরায় নিজেদের হাতে নেয় দক্ষিণ আমেরিকার দলটি।
আরও পড়ুন: কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
এরপর যোগ করা সময়ে জ্যামিন্টন কাম্পাজ শেষ পেরেকটি ঠুকে দেন। তার করা তৃতীয় গোল উজবেকিস্তানের প্রত্যাবর্তনের সম্ভাবনা পুরোপুরি শেষ করে দেয়।
এই জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে কলম্বিয়া। অন্যদিকে, বিশ্বকাপে প্রথম গোল করার স্মরণীয় অর্জন সঙ্গী হলেও পরাজয় দিয়েই বৈশ্বিক আসরে যাত্রা শুরু করতে হয়েছে উজবেকিস্তানকে।





