ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া
বিশ্বকাপে ঘানার যাত্রা থামিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কলম্বিয়া। শেষ ৩২–এর লড়াইয়ে আফ্রিকার দলটিকে ১-০ গোলে হারিয়ে নকআউটের পরবর্তী ধাপে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার প্রতিনিধিরা। এর আগে একই দিনে কেপ ভার্দে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়ায় শেষ ষোলোতে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া।
শনিবার (৪ জুলাই) কানসাস সিটিতে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধের একমাত্র গোলেই জয় তুলে নেয় কলম্বিয়া। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ২টায় ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা-কলম্বিয়ার শেষ ষোলোর ম্যাচ।
আরও পড়ুন: শচীনের ২২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা
রাউন্ড অব ৩২–এর শেষ ম্যাচে শুরু থেকেই আধিপত্য ছিল কলম্বিয়ার। পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বলের দখল ধরে রেখে তারা ২০টি শট নেয়, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। বিপরীতে ঘানা ৮টি শট নিলেও একটিও গোলমুখে রাখতে পারেনি।
ম্যাচের ১৪তম মিনিটে লুইস সুয়ারেজের বাড়ানো পাস থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন জন আরিয়াস। সেই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
আরও পড়ুন: ১০২ রানে অলআউট বাংলাদেশ, শ্রীলঙ্কার কাছে খোয়াল ব্রোঞ্জ
দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে লুইস দিয়াজ আবারও বল জালে পাঠালেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনায় অফসাইড ধরা পড়ায় গোলটি বাতিল করা হয়। এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে কলম্বিয়া।





