উনাহির জোড়া গোলে বড় জয়

কানাডার স্বপ্ন ভেঙে শেষ আটে মরক্কো

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৮:৪১ পূর্বাহ্ন, ০৫ জুলাই ২০২৬ | আপডেট: ৮:৪১ পূর্বাহ্ন, ০৫ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

স্বাগতিক কানাডার বিশ্বকাপ যাত্রা শেষ করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে মরক্কো। শেষ ষোলোর লড়াইয়ে দুর্দান্ত দ্বিতীয়ার্ধের নৈপুণ্যে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে ইতিহাসে আবারও শেষ আটে উঠেছে আফ্রিকার প্রতিনিধিরা। একই সঙ্গে ২০২৬ বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালিস্টও হয়েছে তারা।

ম্যাচের শুরুতেই ধাক্কা খায় মরক্কো। চলতি বিশ্বকাপে টানা তিন ম্যাচে গোল করা ইসমাইল সাইবারি ২২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন। তার পরিবর্তে মাঠে নামেন সুফিয়ান রাহিমি।

আরও পড়ুন: এমবাপ্পের গোলে প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টারে ফ্রান্স

প্রথমার্ধে বলের নিয়ন্ত্রণ ও আক্রমণে এগিয়ে ছিল কানাডা। তবে মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোর দুর্দান্ত কয়েকটি সেভে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৪৯তম মিনিটে আশরাফ হাকিমির ফ্রি-কিক থেকে পাওয়া বল দারুণ নিচু শটে জালে পাঠিয়ে মরক্কোকে এগিয়ে দেন এজেদিন উনাহি। কানাডার রক্ষণভাগের খেলোয়াড়দের ফাঁক গলে বল জালে জড়ালে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় আফ্রিকার দলটি।

আরও পড়ুন: বিশ্বকাপের শেষ ষোলোর মহারণ, পূর্ণাঙ্গ সূচি ও নকআউটে ওঠা ১৬ দল

৮২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন উনাহি। দ্রুতগতির পাল্টা আক্রমণে ব্রাহিম দিয়াজের নিখুঁত পাস থেকে বক্সে ঢুকে শক্তিশালী শটে নিজের দ্বিতীয় ও দলের দ্বিতীয় গোল করেন তিনি।

যোগ করা সময়েও থামেনি মরক্কো। পাল্টা আক্রমণে আবারও ব্রাহিম দিয়াজের পাস থেকে গোল করেন সুফিয়ান রাহিমি। তার গোলে ৩-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে মরক্কো।

এই জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল মরক্কো। শেষ আটে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ফ্রান্স।