১৬ বছরের অপেক্ষার অবসান
বেলজিয়ামকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে স্পেন
দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও বিশ্বকাপের নকআউট পর্বে জয় পেল স্পেন। বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্প্যানিশরা।
লস অ্যাঞ্জেলেসের ইনগেলউডে সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্পেন। এর ফলও আসে ৩১ মিনিটে। লামিন ইয়ামালের কাটব্যাক থেকে দানি অলমোর প্রথম শট থিবো কোর্তোয়া ঠেকালেও ফিরতি বলে জোরালো শটে জাল খুঁজে নেন ফাবিয়ান রুইজ। পেদ্রির পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া এই মিডফিল্ডারই প্রথমার্ধে স্পেনকে এগিয়ে দেন।
আরও পড়ুন: ফ্রান্সকে থামাতে পারল না মরক্কো
তবে বিরতির আগেই ম্যাচে সমতা ফেরায় বেলজিয়াম। ৪০ মিনিটে ডান দিক থেকে ভেসে আসা ক্রসে দুর্দান্ত হেডে গোল করেন শার্ল ডি কেটেলারে। তার গোলে ১-১ সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন বেলজিয়ামের অভিজ্ঞ গোলরক্ষক থিবো কোর্তোয়া। তার পরিবর্তে গোলপোস্টে দাঁড়ান সিন লেমেন্স।
আরও পড়ুন: পেনাল্টি না পাওয়া ও রেফারির সিদ্ধান্তে বিশ্বজুড়ে আলোচনা
ম্যাচের শেষ দিকে একবার গোল হজমের শঙ্কায় পড়ে স্পেন। গোলরক্ষক উনাই সিমন বক্সের বাইরে উঠে এলে সুযোগ তৈরি হয়েছিল বেলজিয়ামের। তবে অ্যালেক্সান্ডার সালমেকার্সের বাড়ানো বল থেকে রোমেলু লুকাকুকে গোল করতে দেননি এইমেরিক লাপোর্তে। গুরুত্বপূর্ণ সেই রক্ষণেই বেঁচে যায় স্পেন।
নির্ধারিত সময়ের একেবারে শেষ মুহূর্তে আসে ম্যাচের ভাগ্য নির্ধারণী গোল। পাউ কুবারসির শট বদলি গোলরক্ষক লেমেন্স ঠেকালেও ফিরতি বলে মিকেল মেরিনো জোরালো শটে বল জালে জড়িয়ে স্পেনকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। আগের ম্যাচে পর্তুগালের বিপক্ষেও জয়সূচক গোল করা মেরিনো এবারও দলের নায়ক হয়ে ওঠেন।
এই জয়ের মধ্য দিয়ে ২০১০ সালের বিশ্বকাপ জয়ের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নিল স্পেন। একই সঙ্গে নিশ্চিত করল সেমিফাইনালের টিকিট। অন্যদিকে, শেষ আট থেকেই বিদায় নিতে হলো বেলজিয়ামকে।





