৬৪ রানে অলআউট বাংলাদেশ

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬ | আপডেট: ৬:৩৯ অপরাহ্ন, ২৩ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পেস আক্রমণের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশ। মিচেল স্টার্কের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৩৪ ওভার ব্যাট করেই ৬৪ রানে গুটিয়ে গেছে টাইগারদের ইনিংস। নিজেদের টেস্ট ইতিহাসে এটি বাংলাদেশের চতুর্থ সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের দারুণ জয় পাওয়ার পর দ্বিতীয় টেস্টেও আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে শুরুতেই স্টার্কের তোপে পড়ে সেই আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগে। মাত্র ৬.৪ ওভারের মধ্যে ১২ রানেই ৫ উইকেট হারায় সফরকারীরা।

আরও পড়ুন: ভিনিসিয়ুসের লাল কার্ডের নাটকীয়তা ছাপিয়ে রিয়ালের জয়

প্রথম ওভারেই সাদমান ইসলামকে কোনো রান না করেই ফেরান স্টার্ক। এরপর তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক ও লিটন দাসকে একে একে সাজঘরের পথ দেখান অজি পেসার। মাত্র ২২ বলেই ৫ উইকেট নিয়ে টেস্টে দ্রুততম ফাইফারের তালিকায় চতুর্থ স্থানে উঠে আসেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে পুরো ইনিংসে ১০ ওভার বোলিং করে মাত্র ১৩ রান খরচ করেছেন স্টার্ক। নিয়েছেন ৬ উইকেট, আর মেডেন ওভার করেছেন ৬টি। এর আগে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৫ বলেই ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে তার।

আরও পড়ুন: রেকর্ড রান তাড়ায় ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ

স্টার্কের তাণ্ডবের পরও বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। তবে ৩৯ রানে নবম উইকেট হারানোর পর নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়ার শঙ্কা তৈরি হয়। শেষ পর্যন্ত তাইজুল ইসলামের একটি বাউন্ডারিতে সেই লজ্জা এড়ায় বাংলাদেশ।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৪ রান করেন শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত তাইজুল ইসলাম অপরাজিত থাকেন। তবে ব্যাটিং ব্যর্থতায় ৬৪ রানেই শেষ হয় সফরকারীদের প্রথম ইনিংস।