‘সুপার অ্যাপ’ হতে চায় উবার, যুক্ত হচ্ছে নতুন ফিচার

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ন, ১৩ মে ২০২৬ | আপডেট: ৬:০৭ অপরাহ্ন, ১৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শুধু গাড়ি ডাকার অ্যাপ হিসেবেই সীমাবদ্ধ থাকতে চায় না উবার। হোটেল বুকিং, রেস্তোরাঁ রিজার্ভেশন এবং অনলাইন শপিং সুবিধা যুক্ত করে যুক্তরাষ্ট্রে পূর্ণাঙ্গ ‘সুপার অ্যাপ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে বড় পদক্ষেপ নিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি নিউইয়র্কে আয়োজিত উবারের বার্ষিক ‘গো-গেট’ পণ্য উন্মোচন অনুষ্ঠানে নতুন কয়েকটি ডিজিটাল সেবার ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত হয়েছে অ্যাপের মধ্যেই হোটেল বুকিং সুবিধা চালুর ঘোষণা।

আরও পড়ুন: টিকটকের নতুন এআই টুল উন্মোচন

এই সেবার জন্য ভ্রমণ প্রতিষ্ঠান এক্সপিডিয়া গ্রুপের সঙ্গে অংশীদারত্ব করেছে উবার। এর ফলে ব্যবহারকারীরা বিশ্বের সাত লাখের বেশি হোটেল ও আবাসন বুক করতে পারবেন। একই সঙ্গে রেস্তোরাঁ বুকিংয়ের জন্য যুক্ত হচ্ছে ওপেনটেবিল।

এ ছাড়া ‘শপ ফর মি’ নামে নতুন একটি ফিচার চালু করছে উবার। এই সুবিধার মাধ্যমে উবার প্ল্যাটফর্মে না থাকা দোকান থেকেও পণ্য অর্ডার করা যাবে।

আরও পড়ুন: অনলাইন জুয়া দমনে নতুন আইন কার্যকর

বিশ্লেষকদের মতে, স্বচালিত গাড়ি বা রোবোট্যাক্সি সেবার বিস্তার বাড়তে থাকায় উবারের জন্য সুপার অ্যাপ কৌশল আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ ভবিষ্যতে শুধুমাত্র রাইড শেয়ারিংয়ের ওপর নির্ভরশীলতা কমাতে চায় প্রতিষ্ঠানটি।

উবারের প্রযুক্তি প্রধান প্রভীন নেপ্পালি নাগা বলেন, ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সুপার অ্যাপ ধারণা ইতোমধ্যে জনপ্রিয় হলেও যুক্তরাষ্ট্রে এখনো এই মডেল পুরোপুরি সফল হয়নি। তার মতে, ব্যবহারকারীদের একটি প্ল্যাটফর্মে ধরে রাখার মতো যথেষ্ট সুবিধা তৈরি করতে পারেনি অনেক প্রতিষ্ঠান।

উবারের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের সাবস্ক্রিপশন সেবা ‘উবার ওয়ান’। মাসে ৯ দশমিক ৯৯ ডলার খরচ করে ব্যবহারকারীরা এই সদস্যপদ নিতে পারেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে উবার ওয়ান সদস্যরা নির্দিষ্ট কিছু হোটেলে ২০ শতাংশ পর্যন্ত ছাড় এবং ১০ শতাংশ ক্রেডিট সুবিধা পাচ্ছেন।

প্রভীন নাগার ভাষায়, একজন ব্যবহারকারী উবারে এয়ারপোর্টে যেতে পারবেন, এরপর হোটেল বুক করতে পারবেন, আবার রেস্তোরাঁয় যাওয়ার ব্যবস্থাও করতে পারবেন। পুরো ভ্রমণ অভিজ্ঞতাকে এক প্ল্যাটফর্মে আনার লক্ষ্যেই এগোচ্ছে কোম্পানিটি।

ভবিষ্যতে ফ্লাইট বুকিং কিংবা আর্থিক সেবাও যুক্ত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি উবার।

এদিকে উবারের এই উদ্যোগ প্রযুক্তি খাতে নতুন প্রতিযোগিতারও ইঙ্গিত দিচ্ছে। আবাসনভিত্তিক সেবা এয়ারবিএনবি সম্প্রতি বিমানবন্দর পরিবহন সেবা চালুর পরিকল্পনার কথা জানিয়েছে। অন্যদিকে ইলন মাস্ক দীর্ঘদিন ধরেই এক্স প্ল্যাটফর্মকে ‘এভরিথিং অ্যাপ’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করে আসছেন। তার প্রতিষ্ঠান ‘এক্স মানি’ নামে ডিজিটাল পেমেন্ট সেবা চালুর প্রস্তুতিও নিচ্ছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের বাজারে একাধিক সুপার অ্যাপ টিকে থাকতে পারবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। কারণ দেশটিতে বিভিন্ন সেবার জন্য আগে থেকেই আলাদা জনপ্রিয় অ্যাপ রয়েছে।

তবে উবারের বড় শক্তি তাদের বিশাল ব্যবহারকারীভিত্তি। কোম্পানিটির তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের মাসিক সক্রিয় ব্যবহারকারী প্রায় ১৯ কোটি ৯০ লাখ। এর মধ্যে প্রায় ৫ কোটি মানুষ ‘উবার ওয়ান’ সদস্যপদ ব্যবহার করছেন।

উবারের সাম্প্রতিক আর্থিক প্রতিবেদনে দেখা গেছে, উবার ইটস বিভাগ বর্তমানে সবচেয়ে দ্রুত বাড়ছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে ডেলিভারি খাত থেকে প্রতিষ্ঠানটির আয় আগের বছরের তুলনায় ৩৪ শতাংশ বেড়ে ৫০৭ কোটি ডলারে পৌঁছেছে।