২০ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৩ পূর্বাহ্ন, ০২ মে ২০২৬ | আপডেট: ৯:৩৩ পূর্বাহ্ন, ০২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের ২০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শনিবার সকালে সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন: ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, ভারি বৃষ্টির পূর্বাভাস

পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এদিকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে, যা অস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি করতে পারে।

আরও পড়ুন: সন্ধ্যা থেকে তীব্র বজ্রসহ ভারী বৃষ্টির সতর্কতা, ৪৮ ঘণ্টা জুড়ে কালবৈশাখীর আশঙ্কা

তাপমাত্রার বিষয়ে সংস্থাটি জানিয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী কয়েক দিন বৃষ্টিপাতের এই ধারা অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।