আগামী ৫ দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির আভাস
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন ধরে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কোথাও বজ্রসহ বৃষ্টি এবং সপ্তাহের শেষ দিকে কয়েকটি বিভাগে অতি ভারি বর্ষণের সম্ভাবনার কথা জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২৪ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় দেশের আট বিভাগেই কম-বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: দুপুরের মধ্যে দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা,
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের কিছু এলাকায় দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
বৃহস্পতিবার (২৫ জুন) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন: সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা
শুক্রবার (২৬ জুন) রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পাশাপাশি এসব বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে। এদিন দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার (২৭ জুন) রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রংপুর ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি বর্ষণ হতে পারে।
রোববার (২৮ জুন) রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন এসব বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অফিস বলছে, পাঁচ দিনের এই সময়ে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলেও তাপমাত্রার বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে সপ্তাহের শেষ দিকে সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হওয়ায় স্থানীয়ভাবে জলাবদ্ধতা ও স্বল্পমেয়াদি দুর্ভোগ তৈরি হতে পারে।





