ঢাকাসহ যেসব বিভাগে বজ্রবৃষ্টির আভাস

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ৯:৩৭ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: পাঁচ দিন দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে ভারী বর্ষণ

আবহাওয়া অধিদপ্তর জানায়, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। বৃহস্পতিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৩৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকাসহ দেশের সব বিভাগে বৃষ্টির পূর্বাভাস

আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে। আগামীকাল শুক্রবার সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে।

এদিকে, বৃহস্পতিবার সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এ সময় নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না।

এর আগে বুধবার রাতে প্রকাশিত দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।