বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, টানা চার দিন বৃষ্টির পূর্বাভাস
বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস দেখা দিয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: ৭২ ঘণ্টায় বিদায় নিতে পারে মৌসুমি বায়ু, লঘুচাপের সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। আগামী ৫৮ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
বুধবারের পূর্বাভাস
আরও পড়ুন: দেশের ৬ বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
বুধবার রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির বিস্তার
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির পরিমাণ ও বিস্তৃতি বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা
শুক্রবার (৯ অক্টোবর) রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বৃষ্টিও হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার কোথায় কেমন থাকবে আবহাওয়া
শনিবার (১০ অক্টোবর) দেশের আট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।





