শৈলকুপায় লাঠিসোটা নিয়ে নৌকা প্রতীকের কর্মীসমর্থকদের মিছিল,জনমনে আতঙ্ক

Abid Rayhan Jaki
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ৭:৪২ অপরাহ্ন, ১৩ মে ২০২৪ | আপডেট: ৭:৫২ অপরাহ্ন, ১৩ মে ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঝিনাইদহের শৈলকুপার বিএলকে বাজারে নৌকা প্রতীকের প্রার্থী নায়েব আলী জোয়ার্দারের একদল কর্মী সমর্থক বাঁশের তৈরি লাঠি নিয়ে মিছিল করে। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, একদল লোক নৌকা নৌকা স্লোগান দিয়ে মিছিল করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে। যাদের সবার হাতে বাঁশের লাঠি। যদিও ভিডিওতে তারা সেই লাঠিকে বৈঠা বলে সম্বোধন করেছে। 

আরও পড়ুন: সিরাজগঞ্জে আ.লীগ নেতাকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, সন্ধ্যার সময় রাস্তা দিয়ে বৈঠা নিয়ে এ ধরনের মিছিল করার কারণে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এই বিষয়ে ওই আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম জানান, লাঠি নিয়ে বা বৈঠা নিয়ে রাতে এ ধরনের মিছিল স্পষ্টত আচরণবিধি লঙ্ঘন। ওই রাতেই এলাকায় থাকা আমার কর্মী সমর্থকরা আতঙ্কিত হয়ে বিষয়টি আমাকে জানিয়েছে। এলাকায় ভীতিকর একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেসময়। বিষয়টি তিনি নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানাবেন বলেও জানান। এ বিষয়ে ওই সভা আয়োজকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

আরও পড়ুন: লালমনিরহাটে ১ লাখ ৭৬ হাজার টাকার জাল নোটসহ গ্রেপ্তার ২

তবে ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হুমায়ন কবির জানান, লাঠি বা বৈঠা কোনোটা নিয়েই মিছিল বা শোডাউন করার সুযোগ নেই। এর মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন হয়েছে। আমার কাছেও একটি ভিডিও এসেছে, তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ, আগামী ৫ জুন ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।