ছোট সাজ্জাদের স্ত্রীকে আত্মসমর্পণের নির্দেশ

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০১ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৫ | আপডেট: ৫:০৭ অপরাহ্ন, ০১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনের ওরফে ছোট সাজ্জাদের স্ত্রী শারমীন আক্তার তামান্নাকে একটি হত্যা মামলায় চার সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বুধবার (৯ এপ্রিল) বিচারপতি মো. মাহবুব উল আলম এবং বিচারপতি মো. হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চে আগাম জামিন চেয়ে আবেদন করলে আদালত এই আদেশ দেন। 

আরও পড়ুন: বিএনপি সর্বশক্তি দিয়ে নিশ্চিত করবে, আইন সবার জন্য সমান: তারেক রহমান

বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের সংশ্লিষ্ট এক কর্মকর্তা। 

এই মামলায় তামান্নার জামিন আবেদনের পক্ষে আইনজীবী ছিলেন তাসনিয়া প্রধান।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ বন্দরে ব্যাবসায়ীর অফিসে ভাংচুর, তালা ঝুলিয়েছে এমপি পুত্র আশার লোকজন

সম্প্রতি সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের পরে তার স্ত্রী শারমীন আক্তার তামান্না আদালত ও প্রশাসন সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে দেশের আইন ও নিরাপত্তা সংস্থাকে অপমান করেন। তার এমন ভিডিও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। 

ভিডিওতে তামান্নাকে বলতে শোনা যায়, ‘আমরা কাঁড়ি কাঁড়ি, বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। যারা এই ঘটনা ঘটিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।’

সাজ্জাদ হোসেন গ্রেপ্তারের পর চট্টগ্রামে একটি জোড়া খুনের ঘটনা ঘটে। ২৯ মার্চ দিবাগত সোয়া ২টার দিকে এক্সেস রোড এলাকায় একটি প্রাইভেটকারকে লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হয়ে মোহাম্মদ মানিক ও আবদুল্লাহ নামে দুজন নিহত হন। একই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চট্টগ্রামের দুই সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও সারোয়ার হোসেন বাবলার বিরোধের জের ধরে আলোচিত জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।