পুঠিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ

Sadek Ali
পুঠিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ন, ১০ জুন ২০২৫ | আপডেট: ১০:৩১ পূর্বাহ্ন, ১২ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীর পুঠিয়ায় আওয়ামী লীগের সমর্থক আব্দুল হান্নানের বাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকের বিরুদ্ধে। 

সোমবার দুপুর দুইটার দিকে পুঠিয়ার বানেশ্বর ইউনিয়নের হাতিনাদা গ্রামের মোঃ হান্নানের (৫০) সাথে জমিজমার জের ধরে একই গ্রামের বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকের কথা কাটাকাটি হয়।

আরও পড়ুন: শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে মার্কেটে অগ্নিকাণ্ড, দগ্ধ ৪

এক পর্যায়ে রফিক মেম্বার তার ১০-১২ জন সহযোগী নিয়ে হান্নান ও তার ভাই মান্নানের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর ও লুটপাট করে। এ সময় হান্নানেরা পরিবার-পরিজন নিয়ে প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। হান্নান ও মান্নান আওয়ামীলীগ সমর্থক বলে জানা গেছে।

ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় এ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই ব্যবসায়ী।

আরও পড়ুন: সিদ্ধিরগঞ্জে বালুর ঘাট দখল নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ঘটনার পর এলাকাবাসী পুঠিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে খবর দিলে তারা এসে আগুন নেভায়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, রফিকের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ পেয়েছি। যদি তিনি এ ঘটনায় জড়িত থাকেন, তাহলে আইনি ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।  

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, বিরালদহ হাতিনাদা গ্রামে একটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে পুলিশও সেখানে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।