দেশে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যে নেমেছে: আইনমন্ত্রী
মো. আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির সূচক বর্তমানে উন্নতির দিকে রয়েছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও জোরপূর্বক গুম প্রায় শূন্যের কোটায় নামিয়ে আনা হয়েছে এবং গায়েবি ও মিথ্যা মামলাও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
বুধবার (১১ মার্চ) রাজধানীর ঢাকা ক্লাব-এ ঢাকা বিশ্ববিদ্যালয় এল.এল.এম. লইয়ার্স অ্যাসোসিয়েশন (ডুলা) আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেন তারেক রহমান
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী বলেন, এই অগ্রগতি আরও এগিয়ে নিতে আইনজীবীদের সহযোগিতা প্রয়োজন। ফৌজদারি কার্যবিধির ১৭৩(এ) ধারা প্রসঙ্গে তিনি বলেন, এই ধারাটি মানুষের অধিকার রক্ষায় একটি কার্যকর সুরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হয়েছে।
তিনি বলেন, অনেক ক্ষেত্রে শত শত মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এসব মানুষকে বছরের পর বছর পুলিশ রিপোর্টের জন্য অপেক্ষা করতে হলে তারা ব্যবসা পরিচালনা, বিদেশ ভ্রমণ বা চিকিৎসা গ্রহণের সুযোগ থেকেও বঞ্চিত হন। এ সমস্যা নিরসনে উচ্চতর পুলিশ কর্তৃপক্ষের মাধ্যমে অন্তর্বর্তীকালীন পুলিশ রিপোর্ট দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে তুমুল হট্টগোল, রুলিং দিলেন স্পিকার
ডুলার সদস্যদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, সঠিক মানবিক মূল্যবোধ, দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করলে দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও মানবাধিকার নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, রাজনৈতিক দর্শন যাই হোক না কেন, দিনের শেষে সবাইকে মনে রাখতে হবে—আমরা বাংলাদেশের মানুষের জন্য কাজ করছি। আইন পেশায় নিয়োজিত ব্যক্তিরা নিজেদের মূল্যবোধ থেকে দায়িত্ব পালন করলে দেশে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
ডুলার সভাপতি অ্যাডভোকেট শেখ আলী আহমেদ খোকন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যারিস্টার সালাউদ্দিন দোলন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, শফিকুল ইসলাম এবং অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট কাজী জয়নাল আবেদীন।





