জরুরি প্রয়োজনে কিস্তি, ক্রেতাদের নগদ অর্থ দেবে ওয়ালটন
কিস্তিতে পণ্য কেনা গ্রাহকদের জরুরি আর্থিক প্রয়োজনে নতুন সুবিধা চালু করেছে ওয়ালটন প্লাজা। এখন থেকে ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’ধারীরা দেশের যেকোনো ওয়ালটন প্লাজা থেকে সর্বোচ্চ এক কিস্তির সমপরিমাণ নগদ অর্থ উত্তোলন করতে পারবেন। গত ১ অক্টোবর থেকে এ সুবিধা কার্যকর হয়েছে।
ওয়ালটন প্লাজা কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন এ সুবিধার আওতায় গ্রাহক দেশের যে প্লাজা থেকেই পণ্য কিনুন না কেন, প্রয়োজনে অন্য যেকোনো ওয়ালটন প্লাজা থেকে অর্থ উত্তোলন করতে পারবেন। অর্থাৎ নগদ অর্থ সংগ্রহের জন্য পণ্য কেনার নির্দিষ্ট প্লাজায় যাওয়ার প্রয়োজন হবে না।
আরও পড়ুন: ১৮ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, গ্রাহকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং বিপদের সময় পাশে দাঁড়ানোর লক্ষ্যেই ‘কিস্তি ক্রেতা সুরক্ষা কার্ড’ চালু করা হয়েছে। কিস্তিতে পণ্য বিক্রির পাশাপাশি গ্রাহকদের জরুরি আর্থিক প্রয়োজন মেটাতেও সহায়তা করছে প্রতিষ্ঠানটি।
এদিকে ‘কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি’র আওতায় কিস্তি চলমান থাকা অবস্থায় সুরক্ষা কার্ডধারী কোনো ক্রেতার মৃত্যু হলে তাঁর পরিবারকে ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ক্রেতার পরিবারের কোনো সদস্যের মৃত্যু হলে দেওয়া হচ্ছে ২৫ হাজার থেকে ১ লাখ ৫০ হাজার টাকা পর্যন্ত সহায়তা। এ ছাড়া ক্রেতার মৃত্যুর ক্ষেত্রে সংশ্লিষ্ট পণ্যের বকেয়া কিস্তিও মওকুফ করা হয়। পাশাপাশি মৃত ক্রেতার পরিবারের যোগ্য সদস্যের কর্মসংস্থানের ব্যবস্থাও করছে প্রতিষ্ঠানটি।
আরও পড়ুন: এলএনজি টার্মিনাল-২ সামিটের চুক্তিতে ১১০ কোটি মার্কিন ডলার সাশ্রয় হবে
সুরক্ষা কার্ডধারী ক্রেতারা চিকিৎসা, শিক্ষা, ভ্রমণ, কেনাকাটা ও বিনোদনসহ বিভিন্ন ক্ষেত্রে বিশেষ সুবিধা পাচ্ছেন। এ জন্য দেশের আট বিভাগে পাঁচ হাজারের বেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি রয়েছে ওয়ালটন প্লাজার। এসব প্রতিষ্ঠানের মধ্যে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার, শিক্ষাপ্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাঁ, রিসোর্ট, বিনোদন পার্ক, বিমান পরিবহন সংস্থা এবং ফ্যাশন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয় প্রতিষ্ঠান রয়েছে।
ক্রেতা ও তাঁদের পরিবারের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টেলিমেডিসিন এবং হ্যাপিনেস অ্যান্ড হেলথকেয়ার কার্যক্রমও পরিচালনা করছে ওয়ালটন প্লাজা। এ ছাড়া মাঠপর্যায়ে গ্রাহকদের হাসপাতালে ভর্তি, হাসপাতালে পৌঁছে দেওয়া, রক্তের ব্যবস্থা এবং চিকিৎসকের পরামর্শ পেতেও সহায়তা করছেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রায়হান বলেন, গ্রাহকদের হাতে মানসম্পন্ন প্রযুক্তিপণ্য তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের জন্য বাড়তি সুবিধা নিশ্চিত করাকেও গুরুত্ব দেয় প্রতিষ্ঠানটি। ক্রেতাদের ওয়ালটন প্লাজা পরিবারের সদস্য হিসেবে বিবেচনা করা হয়। এ ভাবনা থেকেই কিস্তি ক্রেতা ও পরিবার সুরক্ষানীতি চালু করা হয়েছে। আর্থিক সহায়তা ও বকেয়া কিস্তি মওকুফের পাশাপাশি দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে সুবিধা দিতে পার্টনার প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির পরিধিও পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে।
নগদ অর্থ উত্তোলনের এ সুবিধা সম্পর্কে বিস্তারিত জানতে নিকটস্থ ওয়ালটন প্লাজা, ওয়েবসাইট অথবা ১৬২৬৭ নম্বরে যোগাযোগ করা যাবে। বিনামূল্যে টেলিমেডিসিন সেবা পেতে যোগাযোগ করতে হবে ০৯৬০৬৯৯০০২৯ নম্বরে।





