ফেনী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরও একজন
ফেনীর পরশুরাম উপজেলার বাসপদুয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩-এস নম্বর সীমান্ত পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
নিহত ব্যক্তির নাম মো. মিল্লাত হোসেন (২১)। তিনি ফেনী পৌরসভার বাসপদুয়া এলাকার ইউছুফ মিয়ার ছেলে। আহত হয়েছেন একই এলাকার মৃত এয়ার আহম্মদের ছেলে মো. আফছার (৩১)।
বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে মিল্লাত ও আফছার সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে তারকাটার কাছে গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে তারা গুরুতর আহত হন।
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাত হোসেনের মৃত্যু হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বাসপদুয়া সীমান্ত এলাকা চোরাকারবারি প্রবণ হিসেবে পরিচিত। বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনায় বিজিবির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় ভারতের কাছে কড়া প্রতিবাদপত্র পাঠানো হবে বলেও জানিয়েছেন বিজিবি অধিনায়ক মোশারফ হোসেন।





