সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের কারিগরি কমিটির সুপারিশ জমা
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের গঠিত বিশেষায়িত কারিগরি কমিটি তাদের সুপারিশ জমা দিয়েছে। কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বাধীন কমিটির কাছে এই প্রতিবেদন হস্তান্তর করা হয়।
কমিটির আহ্বায়ক ও নির্বাচন কমিশনের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক গণমাধ্যমকে জানান, “আমরা আইন অনুযায়ী বিদ্যমান ৩০০টি সংসদীয় আসনের সীমানা যাচাই-বাছাই করেছি এবং সীমানা সংশোধনের প্রস্তাবসহ প্রতিবেদন জমা দিয়েছি।”
আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
তবে ঠিক কতটি আসনের সীমানায় পরিবর্তন আসছে—সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।
উল্লেখ্য, সীমানা পুনর্নির্ধারণের জন্য নির্বাচন কমিশনে জমা পড়েছিল ৭৯টি আসনের ছয় শতাধিক আবেদন। এসব আবেদনের ভিত্তিতে সাত সদস্যের কারিগরি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন— ভূগোলবিদ মো. মোস্তাফিজুর রহমান, মানচিত্র বিশেষজ্ঞ কে এইচ রাজিমুল করিম, তথ্যপ্রযুক্তিবিদ মোশিউর রহমান রিমু, নগর পরিকল্পনাবিদ ড. ফারহানা আহমেদ, পরিসংখ্যানবিদ হিফজুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. দেলোয়ার হোসেন (নির্বাচন সহায়তা-১ শাখা)
আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২
এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, “ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক সুবিধা, যাতায়াত ব্যবস্থা এবং আইনি এখতিয়ার বিবেচনায় সীমানা পুনর্নির্ধারণ করতে হবে।”
কমিটির সুপারিশ অনুযায়ী এখন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এবং প্রয়োজনে গেজেট আকারে প্রকাশ করবে।





