ফতুল্লা ভূইগড়ে সন্ত্রাস চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ মিছিল
চাঁদাবাজি সন্ত্রাস চুরি ডাকাতি মাদকের বিরুদ্ধে শুক্রবার (৮ আগস্ট ) বাদ জুম্মা ফতুল্লা উত্তর ভূইগড় খোকন মার্কেট এলাকার পঞ্চায়েতে কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা ও মিছিল অনুষ্ঠিত।
প্রতিবাদ সভায় উত্তর ভূইগড় পঞ্চায়েত কমিটির সেক্রেটারি এড. জাকির হোসাইন হামিদী বলেন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত হলেও চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারিত্ব, চুরি, ডাকাতি এখনো বন্ধ হয়নি। বরং এখন আগের চেয়ে বেড়েছে। আমরা রাতে শান্তিতে ঘুমাতে পারি না। সারাক্ষণ ভয়ে আতঙ্কে থাকি। কয়েকদিন আগে মসজিদের রড চুরি করে নিয়ে গেছে। আবার অলি গলিতে রাতে ছিঁচকে চোরদের বেশ আনাগোনা। পুলিশ প্রশাসনের কোন টহল নেই। পুলিশের এমন নীরবতায় এলাকাবাসী হতভম্ব।
আরও পড়ুন: কুষ্টিয়ায় লালন শাহের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
এসময় উত্তর ভূইগড় সমাজ কল্যাণ পরিষদের উপদেষ্টা এড. খায়রুল আলম মিন্টু বলেন চুরি, ডাকাতি, সন্ত্রাসী করতে আসলে জনতার হাতে ধরা পরলে কাউকেই আস্ত ফেরত দিবেনা জনগণ। এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে সন্ত্রাসীদের জ্বালায়। এসময় তিনি আরো বলেন ফতুল্লা থানা পুলিশ কি করে আমার বোধগম্য নয়। এলাকাবাসী চোর, ডাকাতের জ্বালায় অতিষ্ঠ আর পুলিশের কোন তৎপরতা নেই।
প্রতিবাদ মিছিল ও সভায় আরো উপস্থিত ছিলেন উত্তর ভূইগড় সমাজ কল্যাণ পরিষদের জয়েন্ট সেক্রেটারি সেলিম ভূইয়া, সদস্য আমিন মাস্তান, তামিম শিকদার, গোলাম সারোয়ার, সহ স্থানীয় শতাধিক বাসিন্দা।





