ভোলায় খতিবকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

Sadek Ali
এম শাহরিয়ার ঝিলন, ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ৮:০৪ পূর্বাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৬:০০ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভোলায় নিজ বাড়িতে ঢুকে এক মসজিদের খতিব ও মাদরাসা শিক্ষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মাওলানা আমিনুল হক নোমানী (৪৫)।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের চরনোয়াবাদ সংলগ্ন ৯ নম্বর ওয়ার্ডে তার বসতঘরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: কোনাবাড়িতে ঝুট গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ইউনিট

নিহত নোমানী স্থানীয় জামে মসজিদের খতিব ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার মুহাদ্দিস ছিলেন। তার বাবা মাওলানা এনামুল হক ওই এলাকার পরিচিত আলেম।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে স্ত্রী-সন্তান শ্বশুরবাড়িতে থাকায় তিনি একাই বাসায় ছিলেন। শনিবার এশার নামাজ শেষে বাড়িতে ফেরার পরপরই দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নির্বাচিত হলে ইলিশাকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলব: কামাল সিকদার

ভোলা সদর হাসপাতালের চিকিৎসক ডা. ইয়াসির হাসনাত জানান, নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। হত্যার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।