কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
মৌলভীবাজারের কুলাউড়ায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন প্রধান অতিথি, মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গ্রাম পুলিশ আমাদের প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। ইউনিয়ন পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা ও স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে তাদের ভূমিকা অপরিসীম। এই প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশের দক্ষতা, দায়িত্ববোধ ও সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আমি বিশ্বাস করি।”
আরও পড়ুন: লক্ষ্মীপুরে বিশ্ব পোলিও দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজির যুগ্ম পরিচালক (উপসচিব) মোহাম্মদ জাহিদ আখতার। তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে যুগোপযোগী করে গড়ে তোলার জন্য গ্রাম পুলিশদের এই প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হয়েছে। সারাদেশে ৪৬ হাজার গ্রাম পুলিশ রয়েছে। চলতি অর্থবছরে ২০টি উপজেলায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। মাসব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে ইউনিয়ন পরিষদকে শক্তিশালী করা সরকারের উদ্দেশ্য বলে তিনি জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক। এছাড়া প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন গ্রাম পুলিশ সেলিম আহমদ।
আরও পড়ুন: পাকুন্দিয়ায় ‘মাদক ছেড়ে খেলতে চল’ স্লোগানে মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
জানা গেছে, মাসব্যাপী চলা এ প্রশিক্ষণে ইউনিয়ন পর্যায়ের গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্বশীলতা, প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নেবেন। প্রশিক্ষণে ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করছে।





