ব্রাহ্মণবাড়িয়ায় টর্চ লাইট জ্বালিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ৩০
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় পুকুরে গোসলকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে টর্চ লাইটের আলো জ্বালিয়ে সংঘর্ষে রূপ নেয়। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার ছোট দেওয়ানপাড়া ও হাওলাপাড়া গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে হাওলাপাড়া গ্রামের এক তরুণ তাইম তার কয়েকজন বন্ধুকে নিয়ে ছোট দেওয়ানপাড়া গ্রামের একটি পুকুরে গোসল করতে যান। এ সময় স্থানীয় কয়েকজন, বিশেষ করে শাকিল ও শিপন নামের দুই যুবক, তাদের মারধর করে। এই ঘটনার জের ধরে রাতে দুই গ্রামের মানুষ দেশীয় অস্ত্র—টেঁটা, বল্লম, লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন: টং দোকানে এইচএসসির উত্তরপত্র মূল্যায়নের অভিযোগ, এক বস্তা খাতা জব্দ
রাতের আঁধারে গ্রামবাসীরা টর্চ লাইট জ্বালিয়ে একে অপরের ওপর হামলা চালায়। দীর্ঘ সময় ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। আতঙ্কে আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায় এবং যানচলাচল বন্ধ হয়ে পড়ে।
সংঘর্ষে উভয় গ্রামের অন্তত ৩০ জন আহত হন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: নান্দাইলের সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪
ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরবর্তী সংঘর্ষ এড়াতে প্রশাসন সতর্ক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।





