পঞ্চগড়ে তাপমাত্রা আরও কমছে, বাড়ছে শীতের অনুভূতি

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৫ | আপডেট: ৪:৫৭ অপরাহ্ন, ১১ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ে দিনে গরম আর ভোর থেকে সকাল পর্যন্ত কুয়াশাচ্ছন্ন শীতের আবহ—এমন দ্বৈত আবহাওয়া স্পষ্টভাবে দেখা দিচ্ছে। ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ, বাতাসে মিলেছে শীতের হালকা ঝাঁকুনি।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টার পর্যবেক্ষণ অনুযায়ী, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন একই স্থানে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি। অর্থাৎ ২৪ ঘণ্টায় প্রায় ২ ডিগ্রি কমেছে তাপমাত্রা।

আরও পড়ুন: কুলাউড়ায় খাল দখল করে ভবন নির্মাণ, উচ্ছেদ করলো প্রশাসন

এদিকে ভোর থেকে চারপাশ ঘন কুয়াশায় ঢেকে থাকায় মাঠ-ঘাট থেকে শহরের রাস্তাও দেখা যাচ্ছে সাদা আবরণে ঢাকা। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরে চলাচল করতে হচ্ছে।

হাড়িভাসা এলাকার অটোচালক রহিম উদ্দীন বলেন, কুয়াশা এত বেশি যে হেডলাইট জ্বালিয়েও সামনে রাস্তা স্পষ্ট বোঝা যায় না।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ জন

চাকলাহাটের বাসিন্দা মাসুম বলেন, ভোরের দিকে বেশ ঠান্ডা পড়ে। শীতের কাপড় ছাড়া থাকা যায় না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, বর্তমানে তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ডিসেম্বরে একাধিক শৈত্যপ্রবাহ পঞ্চগড় ও আশপাশের এলাকায় বয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দিনের বেলায় অবশ্য রোদের তাপ কমছে না। দুপুরে তাপমাত্রা থাকে ৩০ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াস এর ঘরে, ফলে সকাল-রাতের শীতের পর দুপুরে খানিকটা গরম অনুভূত হচ্ছে।