রূপগঞ্জে নারীর বসতবাড়ীতে ফের ড্রেজার পাইপ স্থাপন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৩:৪৩ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিকল্প ব্যবস্থা থাকলেও নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোছা সোয়েদা হোসেন বন্যা (৪০) নামে এক নারীর বসতবাড়ীতে ফের অবৈধ ড্রেজার পাইপ স্থাপন করেছে স্থানীয় বালু খেকোরা।

বৃহস্পতিবার দুপুরে তারাব পৌরসভার গন্ধর্বপুর গ্রামের তালতলা প্রধান বাড়ীতে এ ঘটনা ঘটে। এসময় নারায়ণগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু’র নির্দেশে অন্তত ৪০ জনের অজ্ঞাতনামা একটি সংঘবদ্ধ দল ওই বাড়ীতে হামলা চালায়।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

পাইপ স্থাপনে বাঁধা দিতে গেলে ভুক্তভোগী বন্যা ও তার বয়স্ক শ্বাশুরি মোছা সামসুন্নাহার (৮২) কে নানা হুমকি-ধমকিসহ অকথ্য ভাষায় গালমন্দ করা হয়। এরপর তাদের অবরূদ্ধ রেখে জোরপূর্বক ড্রেজার পাইপ স্থাপন করা হয়।

ভুক্তভোগী বন্যা রূপগঞ্জ থানায় বৃহস্পতিবার সন্ধ্যায় একটি মামলা দায়ের করতে গেলে পুলিশ প্রাথমিকভাবে লিখিত অভিযোগ গ্রহণ করেন।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২

বন্যা বলেন, “পতিত আওয়ামী লীগ সরকারের আমলে আসনটির সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী ও তার ডান হাত বালু হাবিবের নামে এখানেই জোরপূর্বক ড্রেজার পাইপ বসানো হয়েছিল। স্বৈরাচারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর পাইপগুলো খুলে ফেলা হয়। পরবর্তীতে স্থানীয় যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নিয়ন্ত্রণে পাইপ বসানো হয়। বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাতনামা সংঘবদ্ধ সন্ত্রাসী দল আমার বাড়ীতে পাইপ বসায়।”

দিপু ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রূপগঞ্জ থানার ওসি মো. তরিকুল ইসলাম বলেন, “বন্যা নামে এক নারীর বসতবাড়ীতে জোরপূর্বক ড্রেজার পাইপ স্থাপনের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।”