এনসিপি কর্মীকে গুলি করে ছিনতাই হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার
গাজীপুর মহানগরে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) এক নেতাকে গুলি করে ছিনতাই করা সেই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) মো. তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন।
চৌহান জানান, ঘটনার পর পরই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মহানগর পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারে অভিযান শুরু করে। তার অংশ হিসাবে গত শুক্রবার মোটরসাইকেলটি উদ্ধার ও আসামি শনাক্ত করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন: কাপাসিয়া রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু
তিনি জানান, উদ্ধারের পর মোটরসাইকেলটি ভুক্তভোগী নিজের ছিনতাই হওয়া মোটরসাইকেল হিসাবে শনাক্ত করেছেন। আসামিদের গ্রেফতারসহ ছিনতাই কাজে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে ধারাবাহিক অভিযান পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে বাসন থানার জোগিতলা এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো:হাবিব চৌধুরী (২৫) জুলাই গণঅভ্যুত্থানের একজন সক্রিয় কর্মী এবং বর্তমানে জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত। তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলটি বিক্রির জন্য অনলাইনে বিজ্ঞাপন দিয়েছিলেন। গত ৮ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে ক্রেতা সেজে দুই দুর্বৃত্ত মোটরসাইকেলটি দেখার কথা বলে জোগিতলা এলাকায় আসে। এক পর্যায়ে মোটরসাইকেলটি পরীক্ষামূলকভাবে চালানোর (টেস্ট ড্রাইভ) নাম করে তারা দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে। হাবিব চৌধুরী তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার কানের পাশ দিয়ে চলে যায়, ফলে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান। এরপর ছিনতাইকারীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন: সীতাকুণ্ডে সন্ত্রাসী হামলায় র্যাব সদস্য নিহত, গুলিবিদ্ধ আরও ৩
ঘটনার পরপরই গাজীপুর মহানগর পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি চৌকস টিম আসামিদের শনাক্ত করতে সক্ষম হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে গত ৯ জানুয়ারি শুক্রবার বিকাল সোয়া ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা এলাকায় অভিযান চালিয়ে লুকিয়ে রাখা অবস্থায় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
ভুক্তভোগী হাবিব চৌধুরী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা গ্রামের ফটিক চান ও রুকসানা দম্পতির সন্তান। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকায় বসবাস করছেন।





