নরসিংদীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বইমেলার উদ্বোধন
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গভীর শ্রদ্ধা ও ভাষা শহীদদের স্মরণ করে নরসিংদীতে সপ্তাহব্যাপী অমর একুশে বইমেলার উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদী পৌর পার্কে (শিক্ষা চত্বর) জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এই বইমেলার উদ্বোধন করেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
আরও পড়ুন: বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, খাদে পড়ে নিহত ১, আহত অন্তত ২৫
এসময় সংসদ সদস্য সদস্য খায়রুল কবির খোকন বলেন, মাতৃভাষার জন্য আমাদের যে ভাইয়েরা আত্মাহুতি দিয়েছে তার সঠিক ইতিহাস এই প্রজন্মের কাছে তুলে ধরতে শহীদ মিনার নির্মাণ করা হবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সে সব প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেয়া হবে এবং পাশাপাশি আমাদের সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার এগুলোকে সমৃদ্ধি করতে এই প্রজন্মকে বই পড়তে উৎসাহিত করতে হবে। তিনি আরও বলেন, বিপথগামীতার হাত থেকে রক্ষা পেতে বই পড়া ও সাহিত্য সংস্কৃতি চর্চার কোনো বিকল্প নেই। তাই আজ যে বই মেলার উদ্বোধন হলো তা এই উদ্বোধনেই শেষ নয়। আমরা এটা সবসময় করতে চাই। একটি সুন্দর সমাজ বিনির্মানের ক্ষেত্রে আমাদের সকলের এই বিষয়গুলোর উপর সবচেয়ে গুরুত্ব দিতে হবে।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন, পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেরপুরে বৈশাখী মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা
সপ্তাহব্যাপী এই মেলায় ৪৫টি স্টলে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সের পাঠকের বই দিয়ে সাজানো হয়েছে এই বইমেলায়।





