গোবিন্দগঞ্জে হ্যাকার চক্রকে ধরার অভিযানে হামলা, ফাঁকা গুলি, এক নারী গ্রেফতার

Sanchoy Biswas
এ.এস.এম রবিউল হাসান, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশিত: ৯:৫৬ অপরাহ্ন, ১২ মার্চ ২০২৬ | আপডেট: ২:১৫ পূর্বাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হ্যাকার চক্রকে ধরতে অভিযানে অংশ নেওয়া পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশের এক এসআই আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ এক নারীকে গ্রেফতার করেছে।

জানাগেছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি টিম হ্যাকার চক্রকে ধরতে উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের ছোট জামালপুর গ্রামে অভিযানে যায়। এসময় হ্যাকার চক্রের সমর্থক ওই গ্রামের কিছু লোক ডাকাত ডাকাত বলে হৈচৈ শুরু করে ও পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। এতে এসআই নজরুল ইসলাম আহত হয়েছেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত পুলিশ সদস্য নজরুল ইসলাম স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন: পাথরের আঘাতে রক্তাক্ত রেলযাত্রা, যাত্রীদের নিরাপত্তায় প্রতিমন্ত্রীর দরজায় কড়া নাড়লেন কবীর ভূঞা

এ ঘটনায় আজ বৃহস্পতিবার বিকেলে ওই গ্রামে পুনরায় পুলিশ অভিযান চালিয়ে বিলকিস বেগম নামে এক নারীকে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগে গ্রেফতার করে। আটককৃত বিলকিস বেগম তালুক কানুপুর ইউনিয়নের ছোট জামালপুর গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী।

গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই শিবলী ইমরুল কায়েস বলেন, আমরা হ্যাকার চক্রের বিরুদ্ধে অভিযান চালানোর কালে ডাকাত ডাকাত বলে চিৎকার করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক এক নারী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: শরীয়তপুর প্রেসক্লাব নির্বাচন: সভাপতি আবুল হোসেন, সম্পাদক রবীন