আশুলিয়ায় গণধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার, র্যাবের অভিযান
ঢাকার আশুলিয়ায় দায়ের হওয়া এক গণধর্ষণ মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মোসাদ্দেক খান (২৫) কে গ্রেফতার করেছে র্যাব-৪।
সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। এর আগে একই দিন আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চিনচিনা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: সুন্দরবনে জেলের হত্যাকারী শাস্তি পাবে আশ্বস্ত করলেন বন প্রতিমন্ত্রী
গ্রেফতার মোসাদ্দেক খান আশুলিয়া থানাধীন জামগড়া দরগারপাড় এলাকার মৃত রবিউল খানের ছেলে।
র্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ জানুয়ারি রাত সোয়া ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় এক ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, নিজেকে বাড়ির ম্যানেজার পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করেন মোসাদ্দেক। এ সময় তার সঙ্গে আরও ছয়জন সহযোগী ছিল।
আরও পড়ুন: লন্ডনে প্রবাসীদের ভালোবাসায় সিক্ত কবীর আহমেদ ভূঁইয়া, কফি শপ উদ্বোধন
দরজা খোলার পর তারা জোরপূর্বক কক্ষে প্রবেশ করে ভুক্তভোগী ও তার স্বামীকে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে স্বামীকে আলাদা করে আটকে রেখে ভুক্তভোগীকে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে ভোররাতে তারা পালিয়ে যায়।
র্যাব জানায়, গ্রেফতার মোসাদ্দেক প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। ভুক্তভোগী সদ্য বিবাহিত এবং পরিবারের সঙ্গে ওই বাসায় বসবাস করতেন।
গ্রেফতারকৃত আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।





