কুমিল্লায় মহাসড়কে একাধিক দুর্ঘটনা, নিহত ৬

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:৫০ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে পৃথক চারটি সড়ক দুর্ঘটনায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

বুধবার ভোর ৬টা থেকে দুপুর ১২টার মধ্যে দাউদকান্দি, চান্দিনা, নিমসার ও চৌদ্দগ্রাম এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: শ্রীবরদীতে ট্রাংক থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

পুলিশ সূত্রে জানা যায়, দাউদকান্দি উপজেলার বারোপাড়া এলাকায় অজ্ঞাত একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই আব্দুল বারেক (৫৩) ও মোস্তফা (৫২) নিহত হন। তারা একই উপজেলার সরকারপুর গ্রামের বাসিন্দা।

অন্যদিকে, বুড়িচং উপজেলার নিমসার বাজার সংলগ্ন ইউটার্ন এলাকায় আরেকটি দুর্ঘটনায় তিনজন প্রাণ হারান। নিহতরা হলেন—নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার লালপুর গ্রামের জহিরুল ইসলাম (২৭), মেহেরপুর সদর উপজেলার কেশবপুর গ্রামের সোহেল রানা (৩৫) এবং চান্দিনা এলাকার বড় গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী তাইম।

আরও পড়ুন: ভয়ংকর ডিবি আমীর এখনো গাজীপুরে ডিবির এসি

এছাড়া চৌদ্দগ্রাম এলাকায় বাসচাপায় আরও একজন নিহত হয়েছেন। তবে তার পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

দাউদকান্দি আমিরাবাদ হাইওয়ে পুলিশের ইনচার্জ ইকবাল বাহার মজুমদার জানান, বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হন। অন্যদিকে, ময়নামতি হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল মমিন বলেন, নিমসার এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।

একাধিক দুর্ঘটনায় মহাসড়কজুড়ে আতঙ্ক ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পুলিশ ঘটনাগুলোর তদন্তে কাজ করছে।