শরীয়তপুরে কর্মরত অবস্থায় আনসার সদস্যের মৃত্যু
শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত আনসার গার্ডের ক্যাম্প ইনচার্জ পিসি মোঃ শামসুল হক (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (০৪ এপ্রিল) রাত আনুমানিক দেড়টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরও পড়ুন: কুলাউড়ায় খাল দখল করে ভবন নির্মাণ, উচ্ছেদ করলো প্রশাসন
তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার দেলুয়াকান্দি গ্রামে।
জেলা কমান্ড্যান্ট কার্যালয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, ফুসফুসজনিত সমস্যা ও হাত-পায়ের গিঁটের ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ জন
গত বুধবার ১০০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালে কর্মরত অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী মোছাঃ শিউলী বেগম, বড় ছেলে মোঃ সাব্বির আহমেদ, ছোট ছেলে মোঃ শফিকুল ইসলাম ও মেয়ে মোছাঃ সাদিয়া আক্তারসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা কমান্ড্যান্ট মো. ফারুক ইসলাম বলেন, বর্তমানে তার মরদেহ শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে সংরক্ষিত রয়েছে। পরিবারের সদস্যরা উপস্থিত হলে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।





