‘সাংবাদিকরা আমন্ত্রিত নয়’, ইসির প্রোগ্রামে ডিসি
শেরপুর-৩ আসনের স্থগিত হওয়া জাতীয় সংসদ নির্বাচন ঘিরে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময়ের জন্য শেরপুরে এসেছেন নির্বাচন কমিশন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
৪ এপ্রিল, শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ওই মতবিনিময় সভাটি সাংবাদিকরা কভার করতে গেলে সেখানে সাংবাদিকরা আমন্ত্রিত নয় বলে চলে যেতে বলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
আরও পড়ুন: চাঁদপুরে জনসংখ্যা দিবস পালিত
এছাড়াও সাংবাদিকরা কমিশনারের বক্তব্য চাইলে তিনিও সাংবাদিকদের এড়িয়ে যান। এ সময় জেলায় কর্মরত সাংবাদিকরা খবর বয়কটের ঘোষণা দিয়ে জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন।
এ বিষয়ে শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জাহাঙ্গীর হোসেন কর্তৃক খবর সংগ্রহের অনুরোধ জানিয়ে আমাদের চিঠি প্রেরণ করা হলে আমরা নির্ধারিত সময়ে উপস্থিত হই। কিন্তু সভাকক্ষে সাংবাদিকদের বসার জায়গা রাখা হয়নি। এ সময় জেলা প্রশাসককে অবগত করার পর তিনি বলেন, সাংবাদিকরা এই প্রোগ্রামে আমন্ত্রিত নয়। প্রোগ্রাম শুরুর আগেই সবাইকে বাইরে বের হয়ে যাওয়ার কথাও বলেন। জাতীয় গুরুত্বপূর্ণ একটি খবর সংগ্রহ করতে না পেরে আমরা মর্মাহত। পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি হয়েছে। চলমান জাতীয় সংসদ নির্বাচনে বেশ কিছু অনিয়ম ও অসঙ্গতি এবং দফায় দফায় বিভিন্ন প্রার্থীর পক্ষে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও সে বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়গুলো আমাদের দৃষ্টিগোচর হওয়ায় আমরা কিছু প্রশ্ন কমিশনকে করব—হয়তো এমন আশঙ্কা থেকেই তিনি সাংবাদিকদের দূরে রাখেন।
আরও পড়ুন: গাজীপুরে বৃত্তি পেয়েছে ১ হাজার ৭২৩ শিক্ষার্থী
এদিকে, সকাল সাড়ে ১০টায় সার্কিট হাউসে কমিশনার এসে পৌঁছান। এরপর সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। সেখানে নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সেনাবাহিনী, আনসার ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্বাচনে দায়িত্বরত প্রিজাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় করেন।
জেলা নির্বাচন ও রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, বিষয়টি অনাকাঙ্ক্ষিত। দ্রুত সময়ের মধ্যে সাংবাদিকদের সঙ্গে বসে সমাধান করা হবে।
তবে এ ব্যাপারে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।





