১৪৪ ধারা ভঙ্গ

লক্ষ্মীপুর পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের হাতাহাতি, ওসিসহ আহত ১০

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩০ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৩০ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর শহরে ১৪৪ ধারা ভঙ্গ করে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এতে সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫ টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে। একই সময়ে ১৪৪ ধারা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্রদের নৈরাজ্যের প্রতিবাদে জুলাই ফাইটার্সের ব্যানারে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল করেছেন। শহরের চকবাজারসহ আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দিয়েছেন।

আরও পড়ুন: বিসিবি নির্বাচন ঘিরে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়েছে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

পুলিশ ও উপজেলা প্রশাসন জানিয়েছে, শনিবার রাতে লক্ষ্মীপুর শহরের হাসপাতাল রোডে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর শাখার কর্মী হাবিবুর রহমান ফাহিম ও জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি হয়। এ পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায়। এর প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রবিবার (৫ এপ্রিল) বিকেল ৫ টায় চকবাজার মসজিদের সামনে থেকে প্রতিবাদ মিছিলের ডাক দেয়। ছাত্রদলের নেতাকর্মীরা জুলাই ফাইটার্সের ব্যানারে একই সময় ওই স্থানে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয়।

এ প্রেক্ষিতে পৌর শহরে উপজেলা প্রশাসন বিকেল সাড়ে ৪ টা থেকে ১৪৪ ধারা জারি করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি বলবৎ থাকবে।

আরও পড়ুন: বৃহত্তর ময়মনসিংহ সমিতির সিনিয়র সহ-সভাপতি মাহফিজুর রহমান বাবুল আর নেই

হাতাহাতির ঘটনায় ওসি ছাড়া অন্য আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে ঘটনার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদসহ কয়েকজনকে আটক করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে পুলিশ আনুষ্ঠানিকভাবে তা জানায়নি।

বিকেল থেকে চকবাজারে অবস্থান করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আমরা ঘটনাস্থলে অবস্থান করে দু’পক্ষকে দুই দিকে সরিয়ে দিয়েছি। এ ঘটনায় আমার ওসিসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে কেউ আটক নেই।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী আরও বলেন, একই সময়ে একই স্থানে দু’পক্ষ সমাবেশ আহ্বান করলে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়। তা ভঙ্গ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল শুরু করলে পুলিশ বাধা দেয়। এ সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সদর থানার ওসিসহ পুলিশের ৫ জনসহ আরও কয়েকজন আহত হন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।