চুয়াডাঙ্গায় ফিলিং স্টেশনে বিশৃঙ্খলা, ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা
চুয়াডাঙ্গায় তেল পাম্পে তেল নেওয়াকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় তিনজনকে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুইজনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং একজনকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ হাইওয়ে ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: বাগেরহাটে ট্রাক–মোটরসাইকেল সংঘর্ষে তিনজন নিহত
স্থানীয় সূত্র ও ভ্রাম্যমাণ আদালত জানায়, সকালে কয়েকজন যুবক ওই ফিলিং স্টেশনে তেল নিতে আসেন। এ সময় তেল নেওয়া নিয়ে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
পরবর্তীতে ফিলিং স্টেশন চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতের রায়ে ডিঙ্গেদহ গ্রামের জহুরুল ইসলামের ছেলে আশরাফুল ইসলাম (২০) এবং আব্বাস উদ্দিনের ছেলে মারুফ বিল্লাহকে (২০) পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই ঘটনায় সাতগাড়ি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে নাঈম ইসলামকে (২৯) এক হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
আরও পড়ুন: কুড়িগ্রামে ভিজিএফ চাল বিতরণে বিলম্ব: চরম হতাশায় উলিপুরের হাজারো হতদরিদ্র পরিবার
দুপুরে সাজাপ্রাপ্তদের চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহাদ চৌধুরী।





