টেকনাফের পাহাড় থেকে তিন যুবকের লাশ উদ্ধার
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের গহীন পাহাড়ি এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে উত্তর শীলখালী এলাকার একটি পাহাড় থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—আমিনুল ইসলাম রবি (১৯), মুজিবুর রহমান (৩৮) ও নুর বশর (২০)। তারা সবাই স্থানীয় বাসিন্দা বলে জানা গেছে।
আরও পড়ুন: রায়পুরে মা ও তিন মেয়ে হত্যা: অভিযুক্ত অন্তরের মরদেহ নিতে অস্বীকৃতি স্বজনদের
নিহত আমিনুল ইসলামের বাবা রুহুল আমিন জানান, সকালে এলাকার কয়েকজন লোক পাহাড়ে কাজ করতে গিয়ে তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে তাদের মৃত অবস্থায় উদ্ধার করেন। নিহতদের মধ্যে তার ছেলেও রয়েছে বলে তিনি নিশ্চিত করেন।
এ বিষয়ে শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ দুর্জয় সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেনের ইন্তেকাল
ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।





