ব্রাহ্মণবাড়িয়ায় শৌচাগার সংকট, প্রতিমন্ত্রীর কাছে আবেদন কবীর আহমেদ ভূঞার

Sanchoy Biswas
সঞ্জীব ভট্টাচার্য, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৬:০৩ অপরাহ্ন, ১২ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পৌর এলাকায় মহিলা ও শিশুদের জন্য পর্যাপ্ত ও উপযুক্ত শৌচাগার নির্মাণের দাবি জানিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন বিএনপি কর্তৃক প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের এমপি প্রার্থী ও ভূঞা গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঞা। আজ ২১ এপ্রিল ২০২৬ তারিখে এলাকাবাসীর পক্ষে এই চিঠি প্রেরণ করা হয়।

চিঠিতে কবীর আহমেদ ভূঞা উল্লেখ করেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর একটি গুরুত্বপূর্ণ জনকেন্দ্র। পৌর এলাকার নিজস্ব বাসিন্দাদের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা এবং পার্শ্ববর্তী জেলাগুলো থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা, শিক্ষা ও কেনাকাটাসহ নানা প্রয়োজনে এই শহরে আসেন। এই বিপুল জনসমাগমের একটি বড় অংশই মহিলা ও শিশু। অথচ তাঁদের ব্যবহারের জন্য পৌর এলাকায় কোনো উপযুক্ত ও পর্যাপ্ত শৌচাগার নেই।

আরও পড়ুন: কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

কবীর আহমেদ ভূঞা চিঠিতে আরও বলেন, এই সমস্যাটি কেবল অসুবিধার বিষয় নয়—এটি একটি মানবিক বিপর্যয়। মহিলা ও শিশুদের শৌচাগারের অভাবে প্রতিদিন যে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে, তা তাঁদের মানবিক মর্যাদার প্রতি অবজ্ঞার সামিল। একটি সভ্য ও আধুনিক শহরে এই পরিস্থিতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি প্রতিমন্ত্রীর সক্রিয় উদ্যোগ কামনা করে দ্রুত পর্যাপ্তসংখ্যক শৌচাগার নির্মাণের আবেদন জানান।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে এই সমস্যাটি ব্রাহ্মণবাড়িয়া শহরে আসা মহিলা ও শিশুদের জন্য বড় ধরনের ভোগান্তির কারণ হয়ে আসছে। বিশেষ করে বাজার এলাকা, হাসপাতাল ও বাস টার্মিনালের আশেপাশে শৌচাগারের তীব্র সংকট দীর্ঘদিনের। কবীর আহমেদ ভূঞা এমপি না হয়েও এলাকার এই নিত্যদিনের সমস্যাটি সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরেছেন—এটিকে তাঁরা একজন প্রকৃত জনদরদী নেতার পরিচয় হিসেবে দেখছেন।

আরও পড়ুন: জয়পুরহাটে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করেছে র‍্যাব

উল্লেখ্য, চিঠির অনুলিপি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণবাড়িয়া সদরকেও প্রেরণ করা হয়েছে। এলাকাবাসী আশা করছেন, কবীর আহমেদ ভূঞার এই উদ্যোগের ফলে দ্রুততম সময়ে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় মহিলা ও শিশুবান্ধব পর্যাপ্ত শৌচাগার নির্মিত হবে এবং দীর্ঘদিনের এই মানবিক সংকটের অবসান ঘটবে।