কীর্তিনাশা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

Sanchoy Biswas
মিরাজ পালোয়ান, শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ন, ২৯ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৪৯ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় কীর্তিনাশা নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রাজিব শেখ (৩২) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে জপসা ইউনিয়নের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফতেহপুর জামশেদীয়া দরবার শরীফে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

নিহত রাজিব শেখ মাইজপাড়া গ্রামের হারুন শেখের ছেলে। তিনি পেশায় জেলে ও কৃষক ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে রাজিব কীর্তিনাশা নদীতে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নদীর তীরে নিয়ে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

আরও পড়ুন: গরু কাটার ‘খাইট্টায়’ কাস্টমস কর্মীর মরদেহ ১৫ টুকরো, গ্রেপ্তার ২

জপসা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য দুলাল মকদম জানান, রাজিব কৃষিকাজ ও মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতেন। তার একটি শিশু কন্যা সন্তান রয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ব্যক্তিগতভাবে আমি এই পরিবারের পাশে থাকবো।

এ বিষয়ে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম খান বলেন, নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজনে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে বলেও জানান তিনি।