দুর্নীতিবিরোধী বিতর্কে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন

Sanchoy Biswas
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৫:০২ অপরাহ্ন, ০৪ মে ২০২৬ | আপডেট: ৫:৩৪ অপরাহ্ন, ০৪ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্নীতিবিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের হলরুমে দুর্নীতি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত "অভাব নয় সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ" বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়ে কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয় চ্যাম্পিয়ন এবং ভাটেরা বালিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। এছাড়া উত্তর কুলাউড়া উচ্চবিদ্যালয়কে শুভেচ্ছা পুরস্কার ও কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী উত্তরা রায় লক্ষ্মী সেরা বক্তার পুরস্কার বিতরণ করা হয়।

আরও পড়ুন: গাজীপুরে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

বিতর্ক শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও মহতোছিন আলী উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. ফয়জুর রহমান ছুরুকের সঞ্চালনায় পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আনিসুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্নীতি শুধু সরকারি খাতে সীমাবদ্ধ নয়, এটি ব্যক্তি ও সমাজের সর্বস্তরে বিদ্যমান। এটি প্রতিরোধে প্রয়োজন আন্তরিক সততা ও দেশপ্রেম। তিনি শিক্ষার্থীদের দুর্নীতির বিরুদ্ধে সচেতন দৃষ্টিভঙ্গি গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদিন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. জাকির হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি অধ্যক্ষ (অব.) মো. আবুল মনসুর ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, ভাটেরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কায়সার আহমদ, কুলাউড়া বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, কমিটির সদস্য ফ্লোরা বাবলী তালাং। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনা: ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ নারী নিহত

বিতর্কে বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, প্রভাষক গায়ত্রী চক্রবর্তী ও সহকারী শিক্ষক প্রসেনজিৎ পাল।