মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনা: ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ৩ নারী নিহত
ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় তিন নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (৪ মে) বেলা পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছার কুমারগাতার মনতলা সমিতি ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী একটি বালুবোঝাই ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে।
আরও পড়ুন: দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। আহতদের মধ্যে ট্রাকের চালক, হেলপার এবং অটোরিকশার চালক রয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে তিন নারীর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: আসামি ছাড়াতে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।





