মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের মুক্তাগাছা উপজেলার কুমারগাতা ইউনিয়নের সমিতি ঘর এলাকায় ট্রাকের-সিএনজি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ নারী যাত্রী নিহত হয়েছেন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারাযায়। নিহতরা হলেন, জামালপুর সদরের রুহিলী গ্রামের সৌদি প্রবাসী খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলী (৩৮), মেয়ে খোশনূর জান্নাত রিনতি (১১) এবং ময়মনসিংহ বড় বাজারের বাসিন্দা মৃত এডভোকেট আব্দুর রশিদের স্ত্রী এডভোকেট চৌধুরী হোসনে আরা বেগম (৫২)। নিহত আরও একজনের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। এসময় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার দুপুর এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝ পথে উল্টে যায়। এতে ঘটনা স্থলেই সিএনজি অটোরিকশার ৩ নারী যাত্রী নিহত হন। গুরুতর আহত হন সিএনজি অটোরিকশা চালক ও অপর এক পুরুষ যাত্রী। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ থানায় নিয়ে যায়।
আরও পড়ুন: ব্রিতে নতুন ডিজি যোগদান ঘিরে উত্তেজনা, পক্ষে-বিপক্ষে অবস্থান ও বিক্ষোভ
এসময় ট্রাকটি সড়কের মাঝ পথে উল্টে থাকায় দুইপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে মুক্তাগাছা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার এবং যান চলাচল স্বাভাবিক করে।
ঘটনার সত্যসতা স্বাীকার করে মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম জানান, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনা স্থলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ট্রাকটি সরানোর জন্য ময়মনসিংহ থেকে ক্রেন আনা হচ্ছে। তিনটি লাশ উদ্ধার করা হয়েছে। আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।





